খুলনা | রবিবার | ২২ মার্চ ২০২৬ | ৮ চৈত্র ১৪৩২

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

মোংলা প্রতিনিধি |
১২:১৪ পি.এম | ২২ মার্চ ২০২৬


মোংলায় ঈদের রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক জামায়াত নেতার নেতৃত্বে সশস্ত্র হামলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রী গুরুতর জখম হয়েছেন। ২০ মার্চ (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে মোংলা পৌর শহরের শিকারীর মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় বিএনপি নেতা মোঃ আনিছুর রহমান এবং তাঁর স্ত্রী। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১২ মার্চ মোংলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহতের ঘটনায় জানাজার বিষয় নিয়ে জামায়াত নেতা খোকন ও বিএনপির নেতা আনিসের মধ্যে কথা কাটাকাটি হয়। শুক্রবার রাতে তারা স্বামী-স্ত্রী ঈদের বাজার করার জন্য রওনা হলে পুর্বে সেই কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে জামায়াত নেতা খোকনের নেতৃত্বে তাঁর সহযোগী আশিক ও কাজী রাজুরসহ ৮-১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও দা নিয়ে বিএনপি নেতার ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ঘটনার খবর পেয়ে মোংলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আজ সকালে ক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই হামলার ঘটনার পর থেকে মোংলা পৌর শহরের রাজনৈতিক অঙ্গনে থমথমে অবস্থা বিরাজ করছে। দুই দলের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রিন্ট

আরও সংবাদ