খুলনা | রবিবার | ২২ মার্চ ২০২৬ | ৮ চৈত্র ১৪৩২

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ৩০

খবর প্রতিবেদন |
১২:৩৯ পি.এম | ২২ মার্চ ২০২৬


বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০ জন যাত্রী নিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে বান্দরবানে আসছিল। ভোর ৫টার দিকে বাসটি জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে পাহাড়ি আঁকাবাঁকা ঢালু পথে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. ধীমান দাশ বলেন, ‘ভোরে পর্যটকবাহী একটি সৌদিয়া পরিবহনের বাস পাহাড়ি খাদে পড়ে গিয়ে বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হন। তার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।’

প্রিন্ট

আরও সংবাদ