খুলনা | মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | ৯ চৈত্র ১৪৩২

ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে শক্তিশালী বিস্ফোরণ

খবর প্রতিবেদন |
১১:৫১ এ.এম | ২৩ মার্চ ২০২৬

 

ইসরায়েলজুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। রাজধানী জেরুজালেমসহ মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক সতর্কবার্তা জারি করা হয়েছে। বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৩ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, হামলার পর বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, এই হামলায় গুচ্ছ বোমা (ক্লাস্টার মিউনিশন) ব্যবহার করা হয়ে থাকতে পারে, যা বিস্ফোরণের সময় ছড়িয়ে পড়ে একাধিক ছোট বোমায় বিভক্ত হয়।

মধ্য ইসরায়েলের অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। এর আগে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হলেও পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়।

রোববার থেকে ইসরায়েলে ধারাবাহিক হামলা চলছে। শুধু ইরান নয়, লেবানন সীমান্ত ঘেঁষেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে হামলার ঘটনাও ঘটছে বলে জানা গেছে।

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানে ‘বড় ধরনের হামলা’ চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সরকারি অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হবে বলে জানানো হয়।

এর কিছুক্ষণ আগেই তেহরানের পূর্বাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে অবস্থানরত আল জাজিরার প্রতিনিধি সুহাইব আল-আসা জানান, বিস্ফোরণের তীব্রতা ছিল নজিরবিহীন।

তিনি আরও জানান, বিস্ফোরণের পর শহরের পূর্বাংশে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে, যা সাধারণত আকাশে থাকা শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করার ইঙ্গিত দেয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ জানায়, শহীদ বাবায়ী এক্সপ্রেসওয়ে সংলগ্ন অন্তত দুটি এলাকা এবং পূর্ব উপকণ্ঠের গরমদারেহ অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া হাফেজ ও জমহুরি স্ট্রিট সংযোগস্থলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত।

পরিস্থিতি নিয়ে এখনো উভয় পক্ষের পক্ষ থেকে বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। তবে উত্তেজনা দ্রুত বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ