খুলনা | মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | ৯ চৈত্র ১৪৩২

জাইমা রহমানের চেলসিতে সুযোগ পাওয়ার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫৫ এ.এম | ২৩ মার্চ ২০২৬

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্যাশন এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া-সংক্রান্ত সাম্প্রতিক আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে তিনি প্রকৃত ঘটনা সংবাদমাধ্যমকে জানান।

আমিনুল বলেন, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালে ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তাঁর খেলার সুযোগ এসেছিল। জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার কথা খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছিলেন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক। স্কুলে থাকাকালে চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন। তাঁরা দুজনই ক্রীড়াপ্রেমী হওয়া সত্ত্বেও মেয়েকে আগে পড়াশোনা শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন।

নিজের বক্তব্যের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন, তখন গোলকিপিং নিয়ে তাঁদের মধ্যে স্মৃতিচারণামূলক কথা হয়। জাইমা রহমানের উদ্ধৃতি টেনে আমিনুল বলেন, ‘আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।’ মূলত জাইমা স্কুল পর্যায়ে কিপিং করতেন এবং লম্বা হওয়ায় এই পজিশনে তাঁর বিশেষ দক্ষতা ছিল।

আমিনুল জানান, ইউরোপে স্কুলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রতিটি শিশুর বেড়ে ওঠার অংশ। জাইমা রহমানেরও খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল, তবে পরিবারের ইচ্ছায় তিনি শেষ পর্যন্ত শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দিয়েছেন। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যটি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন।

প্রিন্ট

আরও সংবাদ