খুলনা | মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | ৯ চৈত্র ১৪৩২

তেলের কোনো সংকট নেই, প্যানিক হবেন না: জ্বালানি মন্ত্রী

খবর প্রতিবেদন |
০৭:৪৩ পি.এম | ২৩ মার্চ ২০২৬


জ্বালানি তেল নিয়ে সুসংবাদ দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানালেন, দেশে তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। এ ব্যাপারে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী নেওয়ার আহ্বানও জানান মন্ত্রী।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জনগণের কাছে আহ্বান থাকল যে আপনারা প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। তেল আছে, আমরা তেল দিয়ে যাচ্ছি। আপনাদের প্রয়োজনের বেশি তেল নেবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এ সমস্যার সমাধানে দিন-রাত চেষ্টা করছি। আশা করি এ সমস্যার সমাধান করতে পারবো।

তিনি বলেন, ভর্তুকি দিয়ে হলেও আমরা জ্বালানি তেল আমদানি করছি। এরপরও জনগণের কথা ভেবে দাম বাড়ানো হয়নি। তাই আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নিন। জনগণ কো-অপারেট করলে তেলের সমস্যা হবে না। এখন সবার সহযোগিতা প্রয়োজন।

তেল সরবরাহ বাড়ানো হয়েছে জানিয়ে টুকু বলেন, আমরা তেল বেশি সরবরাহ করছি। গত বছরের তুলনায় দেশে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে ঈদ উপলক্ষ্যে দুদিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় কিছু চাপ তৈরি হয়েছিল। এখন আবার স্বাভাবিক হয়েছে।

এদিকে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ দাবি করে সংগঠনটি।

অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানও বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই।

সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে অসাধু কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করছে। এ ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দেব না।’

এছাড়া যারা যানবাহন চালাচ্ছেন, তাদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন মন্ত্রী আহমেদ আযম খান।

প্রিন্ট

আরও সংবাদ