খুলনা | মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | ৯ চৈত্র ১৪৩২

‘পিছু হটেছেন’ ট্রাম্প, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হয়নি: তেহরান

খবর প্রতিবেদন |
০৭:৫১ পি.এম | ২৩ মার্চ ২০২৬

 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ চলার মধ্যে তেহরান ও ওয়াশিংটনের কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছে ইরান। ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা দু’পক্ষের মধ্যে আলোচনার খবর নাকচ করে দিয়েছেন।

তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার হুমকিগুলো থেকে এবং বিদ্যুৎকেন্দ্রে হামলা থেকে সরে এসেছেন। কারণ তিনি বুঝতে পেরেছেন, ইসলামিক প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার সমস্ত বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা করবে।

সোমবার (২৩ মার্চ) ওই কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো যোগাযোগ হয়নি। তিনি জোর দিয়ে বলেন যে, তেহরানের কঠোর হুঁশিয়ারি দেয়ার পরে আমেরিকান নেতারা ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার হুমকি থেকে সরে গেছেন। 

তিনি আরও বলেন, ‘আর্থিক বাজার থেকে চাপ এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমের বন্ড সম্পর্কিত হুমকি বেড়েছে, যা এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল।’

এর আগে, ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা পাঁচ দিন স্থগিত করতে নির্দেশ দিয়েছেন।

তিনি ওয়াশিংটন-তেহরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে দাবি করে এই হামলা স্থগিত করেন বলে জানান।  

এর আগে শনিবার ট্রাম্প হুমকি দেন, যদি ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না করে তাহলে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেবেন।

এর জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায়, যদি এমন কোনো হামলা হয়, তাহলে পুরো উপসাগরীয় এলাকার অবকাঠামো ধ্বংস করবে ইরান।

হরমুজ প্রণালী, যার মাধ্যমে সাধারণত বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হয়, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানের বিরুদ্ধে হামলার পর কার্যত বন্ধ হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী, শত শত জাহাজ আশপাশে লম্বা সময় নোঙর করা অবস্থায় রয়েছে।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি

প্রিন্ট

আরও সংবাদ