খুলনা | মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি প্রধান

খবর প্রতিবেদন |
০২:৪৮ পি.এম | ২৪ মার্চ ২০২৬


এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানায় করা মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এই মামলায় তাঁর ৫ দিনের রিমান্ড চাওয়া হবে।

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এই ব্রিফ্রিংয়ে ডিবি প্রধান বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে পল্টন থানায় দায়ের করা মানবপাচার মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরের মানবপাচার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে পাঠিয়ে তাঁর ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

এর আগে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর বারিধারা বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর নিজ বাসা থেকে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি।

তাঁকে গ্রেপ্তারের পর ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ‘পাঁচটির মতো’ মামলা রয়েছে।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। একই বছর এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। জরুরি অবস্থার ওই সময়ে পেছন থেকে জেনারেল মাসুদই যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করতেন বলে ধারণা করা হয়।

সেনা কর্মকর্তাদের নেতৃত্বাধীন ওই বাহিনী শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ করত এবং পরে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দেওয়া হতো। এর পর ২০০৮ সালের জুনে মাসুদ উদ্দিন চৌধুরীকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি ২০১১ সালের জুন পর্যন্ত ওই দায়িত্বে বহাল ছিলেন।

২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ