খুলনা | বুধবার | ২৫ মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২

খুলনায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০৪:২১ পি.এম | ২৪ মার্চ ২০২৬


খুলনা মহানগরীর ৪৮ জাহিদুর রহমান ক্রস রোড এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঘটনাটি ঘিরে রহস্য তৈরি হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কুলসুম আক্তার সাথী (২৮) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গোয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্র্যান্ড প্রোমোটর হিসেবে কর্মরত ছিলেন এবং ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দীর্ঘ সময় দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে এক ব্যক্তি দরজায় জোরে ধাক্কা দেন। শব্দ পেয়ে বাড়ির মালিক ববি আক্তার ঘটনাস্থলে এসে দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে কক্ষের ভেতরে ঢুকে ওই তরুণীকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় দরজার সামনে দিয়ে এক অজ্ঞাত ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ