খুলনা | বুধবার | ২৫ মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২

রূপসায় সংসদ সদস্য হেলাল

‘রূপসাকে আমরা তারেক রহমানের আদর্শের একটি শক্ত ঘাঁটিতে পরিণত করতে চাই’

রূপসা প্রতিনিধি |
০২:১৯ এ.এম | ২৫ মার্চ ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, রূপসাকে আমরা ছাত্রদলের নেতৃত্বে তারেক রহমানের আদর্শের একটি শক্ত ঘাঁটিতে পরিণত করতে চাই। এই রূপসা হবে শান্তি, স¤প্রীতি ও উন্নয়নের উপজেলা। এখানে কোনো চাঁদাবাজ, দখলবাজ কিংবা সন্ত্রাসীদের স্থান হবে না। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সাধারণ মানুষ নিরাপদে বসবাস করবে, শিক্ষার্থীরা রাজনীতির সুশৃঙ্খল চর্চা করবে এবং তরুণ প্রজন্ম দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনের জন্য প্রয়োজন নৈতিকতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। ছাত্রদলের নেতাকর্মীদের তিনি আহবান জানান তারা যেন জনগণের পাশে থেকে মানবিক রাজনীতির চর্চা করে এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে। তিনি উল্লেখ করেন, রাজনীতি যেন কখনো ব্যক্তিস্বার্থে ব্যবহৃত না হয়, বরং এটি হবে জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতির হাতিয়ার। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে তরুণদের বিকাশ ঘটাতে সবাইকে একসঙ্গে কাজ করারও আহবান জানান তিনি।
তিনি  গতকাল মঙ্গলবার দুপুরে রূপসা সরকারি কলেজ (সাবেক সরকারি বঙ্গবন্ধু কলেজ) মাঠে অনুষ্ঠিত রূপসার সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানটি রূপসায় জন্মগ্রহণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয়, জেলা, থানা, কলেজ ও ইউনিয়নসহ বিভিন্ন শাখার সাবেক ছাত্রদল নেতাদের সম্মানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাবেক ছাত্রনেতা, খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল ইসলাম বাপ্পি। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা, খুলনা জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু। 
এমপি বলেন, ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্ল্যাটফর্ম। অতীতে যারা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন, তাদের ত্যাগ ও অবদান আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সফল হতে পারি। তিনি জোর দিয়ে বলেন, আগামী দিনে একটি শক্তিশালী, গণমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জি এম কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে এবং অনুষ্ঠানের সদস্য সচিব জেলা বিএনপি’র সদস্য মল্লিক আঃ সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, সাবেক জেলা ছাত্রদল সভাপতি শেখ আঃ রশীদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রূপসা সরকারি কলেজের সাবেক ভিপি মোল্লা এনামুল কবির, উজ্জ্বল কুমার সাহা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ কুমার মিত্র, যুগ্ম-আহবায়ক আনসার আলি, হুমায়ুন কবীর শেখ ও মোল্লা বাসির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিববৃন্দ, সাবেক জেলা, থানা, ইউনিয়ন ও কলেজ শাখার ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা অতীতের স্মৃতিচারণ করে সংগঠনের বিভিন্ন সময়ের সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সংগঠনের শক্তি হচ্ছে ঐক্য এবং সেই ঐক্যকে ধরে রেখে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। একই সঙ্গে তারা নতুন প্রজন্মের নেতাকর্মীদের দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এ সময় প্রত্যেকের সাবেক পরিচয় পর্ব শেষে সকলে একত্রে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মাধ্যমে দিনব্যাপী এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

প্রিন্ট

আরও সংবাদ