খুলনা | বুধবার | ২৫ মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের যোগদান

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ২৫ মার্চ ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর হিসেবে গতকাল মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের পর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, কুয়েটকে একটি আধুনিক, দক্ষ ও বিশ্বমানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। এ লক্ষ্য অর্জনে তিনি সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত সকলে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে একাডেমিক ও প্রশাসনিক সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ পূর্বে কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএস-এর চেয়ারম্যান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ-বিদেশের স্বনামধন্য জার্নাল ও সম্মেলনে দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং একাধিক বই ও বুক চ্যাপ্টার রচনা করেছেন। তিনি ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় অ্যাট এল পাসো থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

প্রিন্ট

আরও সংবাদ