খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১২ চৈত্র ১৪৩২

সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতেও ভরসা পেয়েছেন মায়েরা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪১ পি.এম | ২৫ মার্চ ২০২৬


চারিদিকে ঈদের ছুটির আমেজ। মানুষ যখন স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত, ঠিক তখনই সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিত্রটি ছিল একটু ভিন্ন। সেখানে চিকিৎসক আর সেবিকারা নিয়োজিত ছিলেন নতুন প্রাণের আগমণকে নিরাপদ করতে। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতেও এই সেবা কেন্দ্রে এক মুহূর্তের জন্য সেবা বন্ধ হয়নি।
শনিবার (২১ মার্চ) ঈদের দিন বেলা ১১টা ৪০ মিনিট সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের খাদিজা খাতুন ও রেজওয়ান কবির দম্পতির জীবনে এক বিশেষ মুহূর্ত হয়ে রইল এবারের ঈদ। সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রেই তাদের কোল জুড়ে আসে এক ফুটফুটে পুত্র সন্তান। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে সুস্থ সন্তানের আগমণ পরিবারটির কাছে ছিল যেন পরম আশীর্বাদ। স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে নবজাতকের আগমনের পর মা ও শিশু দু’জনেই সুস্থ থাকায় তারা কেন্দ্রের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রওশন আরা জামানের সরাসরি নির্দেশনায় ছুটির দিনগুলোতেও এখানে আউটডোর সেবা চালু ছিল। সাতক্ষীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রসূতি মায়েরা পেয়েছেন প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা।
কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ পলাশ দত্ত জানান আমাদের লক্ষ্য ছিল ছুটির সময়েও যেন কোনো মা সেবা থেকে বঞ্চিত না হন। চলতি মাসে এ পর্যন্ত ১১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। ঈদের দিনেও আমরা সেবা দিতে পেরে এবং একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে তৃপ্ত।
এক নজরে সেবার চিত্র তুলে ধরে ডাঃ পলাশ দত্ত বলেন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি থাকলেও মা ও শিশু স্বাস্থ্য এবং স্বাভাবিক প্রসব সেবা অব্যাহত রয়েছে। চলতি মাসে ১১টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ঈদের দিন স্বাভাবিক প্রসবের মাধ্যমে নতুন প্রাণের আগমনে ঈদ আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি এই সেবা কেন্দ্রটি সাতক্ষীরার সাধারণ মানুষের কাছে নিরাপদ মাতৃত্বের এক অনন্য ঠিকানায় পরিণত হয়েছে বলে জানান ডাঃ পলাশ দত্ত।

প্রিন্ট

আরও সংবাদ