খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১১ চৈত্র ১৪৩২

অসাম্প্রদায়িক ও নারী নির্যাতনমুক্ত দেশ গড়ার আহবান মহিলা পরিষদের

খবর প্রতিবেদন |
০১:৪১ এ.এম | ২৬ মার্চ ২০২৬


মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করে একটি আধুনিক, উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।  বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডাঃ ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এই আহবান জানান।
বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নারী-পুরুষের সমান অবদান রয়েছে। লাখো বাঙালির প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাংলাদেশের মানুষের আত্মচেতনা ও আত্মপ্রতিষ্ঠার চিরস্থায়ী মাইলফলক। মুক্তিযুদ্ধে নারী-পুরুষ নির্বিশেষে যারা আত্মত্যাগ করেছেন, তাদের চেতনাকে ধারণ ও রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। 
বিবৃতিতে উল্লেখ করা হয়, মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী, নারী ও শিশু নির্যাতনকারী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী প্রতিক্রিয়াশীল চক্র জামায়াত-শিবির এদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক ও চিকিৎসকসহ মুক্তিকামী মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। এই চক্রটি এখনো বাঙালির সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অর্জনসমূহ নস্যাৎ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ভবিষ্যৎ প্রজন্মকে অসাম্প্রদায়িক, সমতাভিত্তিক ও মুক্তচিন্তার নাগরিক হিসেবে গড়ে ওঠার পথে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে।
এই প্রেক্ষাপটে, মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য ও নির্যাতনমুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের আহবান জানিয়েছে। 
সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনায় সুশাসন প্রতিষ্ঠা এবং একাত্তরের মানবতাবিরোধী ও মৌলবাদী চক্রের ধর্মভিত্তিক রাজনীতি ও নারীবিদ্বেষী প্রচারণা বন্ধের দাবি জানায়। একইসঙ্গে ’৭২-এর সংবিধানে বিশ্বাসী একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, জেন্ডার সংবেদনশীল ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে। নারী সমাজসহ দেশের সকল সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে একটি আধুনিক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানানো হয় বিবৃতিতে। এছাড়া আসন্ন মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহবান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। 
 

প্রিন্ট

আরও সংবাদ