খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১১ চৈত্র ১৪৩২

সুন্দরবনের ডাকাত দলের প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক

মোংলা প্রতিনিধি |
০২:১৮ এ.এম | ২৬ মার্চ ২০২৬


অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন সদস্যরা। বুধবার দুপুরে সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় থেকে তাকে আটক করা হয়। বিকালে এ তথ্য  নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের জন্য তার প্রধান সহযোগী (সেকেন্ট ইন কমান্ড) রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে পাঠিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান যৌথভাবে সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডকে দেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সুন্দরবনের ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ওই এলাকা তল্লাশী চালিয়ে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। আটক ডাকাত রবিউল ইসলাম (৪১) খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি এবং জেলেদের মুক্তপণের দাবিতে জিম্মি করে চাঁদাবাজি করে আসছিলো। 
কোস্ট গার্ডের বিসিজিএস তৌফিক এর নির্বাহী কর্মকর্তা লেঃ আশিকুর রহমান বলেন সুন্দরবনের ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়েছে। এর ফলে উক্ত বাহিনীর সার্বিক কার্যক্রম অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। জব্দকৃত আলামত ও আটক ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় এ কর্মকর্তা।
 

প্রিন্ট

আরও সংবাদ