খুলনা | শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | ১২ চৈত্র ১৪৩২

চিতলমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চিতলমারী প্রতিনিধি |
০৫:২২ পি.এম | ২৬ মার্চ ২০২৬


বাগেরহাটের চিতলমারীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুভ সূচনা করা হয়। সূচনার পর উপজেলার সকল সরকারি-বেসরকারি দপ্তরে পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

পরে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন ও অভিবাদন গ্রহন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান ও সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না প্রমূখ।  

সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে ৩ টায় লাঠিখেলা, প্রীতি ফুটবল ম্যাচ, জাতির শান্তি, সম্মৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে।

এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ