খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্পের

খবর প্রতিবেদন |
১২:০৭ পি.এম | ২৭ মার্চ ২০২৬


একদিকে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অপরদিকে যুদ্ধে তাকে আরও সামরিক বিকল্প দেয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার পর্যন্ত স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পেন্টাগনের পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন—এমন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে পাঠানো সম্ভাব্য এই বাহিনীতে পদাতিক সেনা ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ওয়াশিংটন এরইমধ্যে মার্কিন বাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ৫ হাজার মেরিন সেনা ও প্রায় ২ হাজার প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী আরও প্রায় ১০ হাজার সেনা তাদের সঙ্গে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তবে এসব সৈন্যদের ঠিক কোথায় মোতায়েন করা হবে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে জানতে হোয়াইট হাউস এবং পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে করেছে সংবাদমাধ্যম বিবিসি। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানের সরকারের অনুরোধেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তবে তেহরান এ ধরনের কোনো অনুরোধের কথা অস্বীকার করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান সরকারের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ