খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

দিঘলিয়ায় এক ছিনতাইকারীর গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর, মুদি ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদক |
০১:০৬ পি.এম | ২৭ মার্চ ২০২৬


খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। মুদি ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন মেসার্স পপুলার জুটের পাট গুদাম এলাকায় ছিনতাইয়ের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দৌলতপুরের দেয়াড়া এলাকার মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসায়ী তাহিদুল ইসলাম (২৮) সাইকেলে করে রাতে বাড়ি ফিরছিলেন। পথে দেয়াড়া স্টিমার ঘাট সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছোঁড়ে। এতে তাদের নিজেদের এক সদস্য সাগর গুলিবিদ্ধ হয়। চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে গুলিবিদ্ধ ছিনতাইকারীকে ফেলে পরে অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাগরের বাড়ি দিঘলিয়ার দেয়াড়া এলাকায়। এ ঘটনায় আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম জানান, গুলিতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছে। এখনো মামলা হয়নি, তবে আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাই চক্রের সদস্য সাগর (৩০) দেয়াড়া কলোনী এলাকার খোকন ও হাসিনার পুত্র। সে দেয়াড়া কলোনী এলাকার চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী গ্র“পের সদস্য। ঘটনার সাথে জড়িত অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ