খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

শুধু পুলিশ নয়, সব হত্যাকাণ্ডে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

খবর প্রতিবেদন |
১০:৫৮ পি.এম | ২৭ মার্চ ২০২৬

 

শুধু পুলিশ বলছেন কেন? পুলিশসহ অনেক মানুষই মারা গেছে। আইন অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে আমার কোনো বক্তব্য নাই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এছাড়াও, এবার ইতিহাসে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে বলে জানান তিনি।

‎শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

‎আলী হোসেন ফকির বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। বিনিয়োগ আকর্ষণ করতে হলে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত জরুরি, আর এ ক্ষেত্রে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

‎তিনি বলেন, ‘দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক এবং মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কথায় কথায় রাস্তা বন্ধ করা যাবে না, শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মানতে হবে। আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না। এতে আমাদের সবার ক্ষতি হয়।’

‎আগামীকাল শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ এএসপিদের শিক্ষা সমাপনী পাসিং আউট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন আইজিপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রিন্ট

আরও সংবাদ