খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪১ পি.এম | ২৭ মার্চ ২০২৬


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পলি­তে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী।  মাদকের সাথে জড়িতদের দ্রুত আটকপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা। শুক্রবার জুম’আ নামাজের পর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাজী পাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ মসজিদের শতাধিক মুসুলি­ অংশগ্রহণ করেন।  
বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আব্দুল আজিজ সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, শিক্ষক সালাউদ্দিন আহমেদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশান আলী, ইউপি সদস্য আব্দুল গনি, জামায়াত নেতা ওমর ফারুক, রেজাউল সাহাজী, ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। 
বক্তারা জানান  উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভগবান যশোমন্তপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম তার সহযোগী মাসুম শাহ ও শাহিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের এই রমরমা ব্যবসার কারণে এলাকার উঠতি বয়সের অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়ছে। একই সাথে এলাকায় চুরি ও ছিনতাইসহ ছোটখাটো অপরাধ বেড়েই চলেছে। 
তারা আরও অভিযোগ করেন, কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় অথবা মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। ফলে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে কিছু মাদকসেবী তার কাছ থেকে নিয়মিত মাদক সংগ্রহ করে থাকে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিক্ষোভকারীরা অবিলম্বে মনিরুল ও তার একান্ত সহযোগী মাছুম শাহ, শাহিন, মুকুন্দপুরের লিটনের ছেলে নাঈমকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

প্রিন্ট

আরও সংবাদ