খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ২৮ মার্চ ২০২৬


গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-জমা বিরোধের জের ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রাসেল বিশ্বাস (২৫) নামে এক রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত মালো বিষয়টি নিশ্চিত করেন। গুরুতর আহত রাসেল বিশ্বাস কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-জমা নিয়ে উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সাথে তারই আপন ভাই পান্না বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে। পরে শুক্রবার সকালে রাসেল বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পান্না বিশ্বাসের লোকজন আবারো হাসপাতালে গিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত রাসেল বিশ্বাসের ভাই রবিউল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সাথে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন আমার ভাইকে মারধর করে। তাকে হাসপাতালে নিয়ে নিয়ে গেলে সেখানে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস আমার ভাই রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত পান্না বিশ্বাসের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ