খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

কলারোয়ায় জ্বালানি তেল মজুদ ও খোলা বাজারে বিক্রির অভিযোগে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৩ এ.এম | ২৮ মার্চ ২০২৬


সাতক্ষীরার কলারোয়ায় লাইসেন্সবিহীন জ্বালানি তেল মজুদ ও খোলা বাজারে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলা চন্দনপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। 
জানা যায়, সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেনের নেতৃত্বে সকাল থেকে কলারোয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করে তেলের মজুদ ও বিক্রয় তদারকি করা হয়। তদারকিকালে উপজেলার  মেসার্স হোসেন, মেসার্স ইউরেকা, মেসার্স ডেলমা ও মেসার্স সোনিয়া ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লম্বা লাইন পরিলক্ষিত হয়। সবাইকে মোটরসাইকেলের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরিহিত অবস্থায় চাহিদা মোতাবেক পেট্রোল দেয়া হচ্ছে কি না তা নিজে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে বেশির ভাগ ফিলিং স্টেশনে অকটেনের সরবরাহ ছিল না। তদারকির সময় ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাংক, সরবরাহ চালান এবং বিক্রয় ও মজুদ রেজিস্ট্রার চেক করা হয়। 
পরে কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে লাইসেন্সবিহীন জ্বালানি তেলের মজুদ এবং খোলা বাজারে তেল সরবরাহ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইন,২০১৬ অনুযায়ী একটি মামলায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালীন মুদি দোকানী, খোলা বাজারে তেল বিক্রেতাকে এবং জনসাধারণকে অতিরিক্ত তেল মজুদ এবং লাইসেন্সবিহীন খোলা বাজারে তেল বিক্রি করা অপরাধ সেই বিষয়টি অবগত করা হয়। একই সাথে  সরকারি আইনানুযায়ী ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহের ব্যাপারে সকলকে উদ্বুদ্ধ ও সচেতন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রিন্ট

আরও সংবাদ