খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

স্মৃতিসৌধে শেখ হাসিনার পক্ষে শ্লোগান দিয়ে গ্রেফতার মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে

খবর বিনোদন |
০১:২৩ এ.এম | ২৮ মার্চ ২০২৬


স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে শ্লোগান দেওয়ার ঘটনায় গ্রেফতার মডেল মোসাঃ সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসসহ (৩০) দু’জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আশুলিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁদের এই রিমান্ড মঞ্জুর করা হয়।
এর মধ্যে গ্রেফতার রফিকুল ইসলাম ওরফে দুর্জয়ের (২৬) তিন দিন এবং মিষ্টি সুবাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার তাদেরকে আটক করে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ (শুক্রবার) আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই মোঃ শহিদুজ্জামান আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয় আসামিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অবৈধ কার্যক্রম পরিচালনা করেছেন বলে সাক্ষ্যপ্রমাণ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচারের স্বার্থে মূল রহস্য উদ্ঘাটন, জড়িত অপর অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং ইন্ধনদাতাদের শনাক্ত করতে আসামিদের পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৬ মার্চ বেলা ১টা ১০ মিনিটে আশুলিয়া থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২-২৫ জন নেতাকর্মী শ্লোগান দেন। তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড বহন করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না মানব না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি শ্লোগান দেন। পরে বেলা দেড়টার দিকে দু’জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আজ আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ