খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

যশোরে চলন্ত বাসে অগ্নিকান্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৩৬ এ.এম | ২৮ মার্চ ২০২৬


যশোর সদর উপজেলায় ‘যান্ত্রিক ত্র“টি’র কারণে একটি চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। 
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল জাতীয় মহাসড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এতে দেখা যায়, বাসটি দাউ দাউ করে জ্বলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, দুপুরে যশোর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বাসটি বিকট শব্দে বন্ধ হয়ে যায়। বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চোখের পলকেই বাসটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। অগ্নিকান্ডের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্র“টি ও গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে চালক বাসটির ইঞ্জিনে ত্র“টির কথা জানান বাসমালিকদের। তারপরও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

প্রিন্ট

আরও সংবাদ