খুলনা | রবিবার | ২৯ মার্চ ২০২৬ | ১৪ চৈত্র ১৪৩২

১০ এপ্রিলের মধ্যে বাসা পাচ্ছেন এমপিরা, তদন্ত হবে সংসদের অডিও বিভ্রাটের

খবর প্রতিবেদন |
০৩:৫৫ পি.এম | ২৮ মার্চ ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠকে অধিবেশন চলাকালীন অডিও তথা শব্দ বিভ্রাট ইস্যু ও সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়া হবে। অডিও বিভ্রাটের বিষয় তদন্ত হবে বলেও জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য।

বৈঠক শেষে সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি বলেন, বৈঠকে সংসদ সদস্যদের আবাসন এবং চিকিৎসা সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার, সেজন্য তাদের সংসদের কাছাকাছি রাখার চেষ্টা হচ্ছে। সব সদস্যকে আবাসনের আওতায় আনার প্রত্যাশা করি।  ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ শেষ হবে বলে প্রত্যাশা। আগামী ৩০ মার্চ হাউজ কমিটির আরেকটি বৈঠক আছে। বাসা বরাদ্দ নিয়ে সংসদ সদস্যরা সে বাসা নিজেরাই ব্যবহার করবেন বলে প্রত্যাশা, কারণ সেটিই সঙ্গত।

তিনি আরও জানান, সংসদ অধিবেশনে অডিও বিভ্রাট এবং কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  এই কমিটি ৩ এপ্রিল প্রতিবেদন জমা দেবে।

সংসদের প্রথম অধিবেশনের দিনে মাইকে কথা বলতে গিয়ে স্পিকার বিড়ম্বনায় পড়েছেন। সংসদ সদস্যরা কানে লাগানো হেডফোনে ঠিকঠাক সাউন্ড শুনতে পারেননি।  যা নিয়ে বেশ সমালোচনা হয়েছে।

এদিকে, বিকেল ৪টায় সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে ওই বৈঠক হবে। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

প্রিন্ট

আরও সংবাদ