খুলনা | রবিবার | ২৯ মার্চ ২০২৬ | ১৪ চৈত্র ১৪৩২

কালিগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ ডাকাত ইয়ার আলী তালুকদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৪:২১ পি.এম | ২৮ মার্চ ২০২৬


সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর অন্যতম সদস্য ইয়ার আলী তালুকদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়ার আলী তালুকদার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের জব্বার আলী তালুকদারের ছেলে। তিনি ওই এলাকার কুখ্যাত ইয়ার-বাহার ডাকাত বাহিনীর অন্যতম প্রধান হিসেবে পরিচিত।

যৌথ অভিযান সূত্রে জানা গেছে, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ও র‌্যাবের একটি চৌকস দল কৃষ্ণনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় আলমগীরের বাড়ি থেকে ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়। পরে  তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে রাতে তাকে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

কালিগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়। ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত কর বলেন, শনিবার (২৮ মার্চ) আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। 

প্রিন্ট

আরও সংবাদ