খুলনা | রবিবার | ২৯ মার্চ ২০২৬ | ১৪ চৈত্র ১৪৩২

মানুষের অসুবিধা হয় এমন কাজ করা যাবে না: নেতাকর্মীদের তারেক রহমান

খবর প্রতিবেদন |
১১:৩৯ পি.এম | ২৮ মার্চ ২০২৬

 

রাস্তা বন্ধ করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে তিনি আর কার্যালয়ে আসবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের বলেন, মানুষের সমস্যা, কষ্ট বা অসুবিধা হয় এমন কোনো কাজ কোনোভাবেই করা যাবে না।

শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান এসব বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষ অনেক আশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজেই রাজধানীসহ সারা দেশের নেতাকর্মীদের কঠোরভাবে আইন-শৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। 

কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় লক্ষ্য করে তারেক রহমান ক্ষোভ প্রকাশ করেন। বলেন, এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে যাতে জনজীবন এবং যান চলাচল ব্যহত না হয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, রাস্তা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে তার পক্ষে কার্যালয়ে আসা সম্ভব হবে না। নেতাকর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং দলের কাজ এগিয়ে নেওয়ার প্রয়োজনে তিনি নিয়মিত অফিসে আসতে চান, কিন্তু তা যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়ে দাঁড়ায়।

রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখার কঠোর নির্দেশ দিয়ে তারেক রহমান নেতাকর্মীদের বলেন, যদি আমাকে নিয়মিত পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো প্রকার বাধা বা বিঘ্ন সৃষ্টি করা যাবে না।

এসময় আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা ছেড়ে দিতে নেতাকর্মীদের বলেন তারেক রহমান। দেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে নেতাকর্মীদের ধৈর্য ধরার এবং মানুষকে ধৈর্য ধারণে সহযোগিতা করার আহ্বান জানান।

বিএনপি চেয়ারম্যান বলেন, দেশে এখন অনেক সমস্যা আছে, আমাদের অনেক কাজ করতে হবে। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে রাস্তা ক্লিয়ার রাখা যাতে আমি অফিসে আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে আমি আসবো, অন্যথায় আমার পক্ষে আসা সম্ভব হবে না।

উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে নেতাকে নিয়মিত অফিসে আসার অনুরোধ জানালে তারেক রহমান বলেন, আপনাদের সহযোগিতা থাকলে আমি আরও দু-একদিন আসবো এবং পরিবেশ পর্যবেক্ষণ করবো। আপনারা যদি স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে না পারেন, তবে আমার আসা বন্ধ হয়ে যাবে। কারণ আমি বা আমার দল সাধারণ মানুষের সমস্যার কারণ হতে চাই না।

তারেক রহমান বলেন, নয়াপল্টনের এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, তাদের দুর্ভোগ কোনোভাবেই কাম্য নয়। সবশেষে তিনি নেতাকর্মীদের রাস্তার বাম দিকে চেপে দাঁড়িয়ে চলাচলের পথ পুরোপুরি উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়ে বক্তব্য শেষ করেন।

প্রিন্ট

আরও সংবাদ