খুলনা | রবিবার | ২৯ মার্চ ২০২৬ | ১৪ চৈত্র ১৪৩২

ট্যাংকির নিচে লুকানো ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ, জরিমানা ২ লাখ

খবর প্রতিবেদন |
০১:০৮ এ.এম | ২৯ মার্চ ২০২৬


ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে ট্যাংকি থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাম্প মালিকের বাসার ভেতরে মাটির নিচে দু’টি ট্যাংকি ও দুটি গাড়িতে জ্বালানি মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে মজুদকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে দেয় উপজেলা প্রশাসন।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, গত দেড় থেকে দুই মাস ধরে এসব জ্বালানি মজুদ করে আসছিলেন মালিক। দাম বৃদ্ধি হলে তা বিক্রির উদ্দেশ্য ছিল। জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত রাতে হালুয়াঘাটে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ২৩০ লিটার জ্বালানি জব্দ করেছে।

প্রিন্ট

আরও সংবাদ