খুলনা | রবিবার | ২৯ মার্চ ২০২৬ | ১৪ চৈত্র ১৪৩২

যোগ্য লোক যোগ্য জায়গায় বসলে প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার, এমনই প্রত্যাশা নতুন বাংলাদেশের

বিশেষ প্রতিবেদক |
০১:২৫ এ.এম | ২৯ মার্চ ২০২৬


‘যোগ্য লোক যোগ্য জায়গায় বসলে প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার’, এমনই প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশে। ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় রদ-বদলের প্রেক্ষিতে এসেছে পরিবর্তণ। বিশেষ করে পুলিশের শীর্ষ পদে রদ-বদলে এসেছে দক্ষ কর্মকর্তারা। পুলিশের আইজিপিসহ শীর্ষ পদে এ পরিবর্তণ এসেছে। সিআইডি, র‌্যাব, এসবিসহ মাঠ পর্যায়ে পরিবর্তনের ফলে ন্যায়-সঙ্গত আইনী সহায়তা পাবেন এমন প্রত্যাশা নতুন বাংলাদেশের জনগণের  
সিআইডি প্রধান হিসাবে যোগদান করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা। ঢাকায় বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান আয়োজন করা হয় বুধবার সিআইডি সদর দপ্তরে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সিআইডি প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-কে সংবর্ধনা প্রদান করা হয়।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী মোসলেহ্ উদ্দিন আহমদ তার বর্ণাঢ্য কর্মজীবনে পেশাদারিত্ব, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখে এসেছেন। সিআইডি প্রধান হিসেবে যোগদানের পূর্বে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস এ্যান্ড এ্যাসেট এ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)- তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর আগে কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে তিনি মাঠপর্যায়ের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন; জাতিসংঘের African Union-United Nations Hybrid Operation in Darfur (UNAMID)-এ পুলিশ  লিয়াজোঁ অফিসার (P-4) হিসেবে দায়িত্ব পালন তার পেশাগত জীবনে বিশেষ মাত্রা যোগ করেছে।
শিক্ষাগত জীবনে তিনি অপারেশন ম্যানেজমেন্ট বিষয়ে MBA এবং Applied Criminology and Police Management বিষয়ে MACPM ডিগ্রি অর্জনের পাশাপাশি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন, যা তাকে আধুনিক ও সময়োপযোগী নেতৃত্ব প্রদানে সক্ষম করে তুলেছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ সিআইডিকে আরও গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সিআইডির অর্জিত সুনাম ধরে রাখতে হলে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এককভাবে কোনো প্রধান বা ব্যবস্থাপক সফল হতে পারেন না প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রকৃত সহযোগিতা বলে তিনি উল্লেখ করেন।
তিনি বিশেষ ভাবে সততার ওপর গুরুত্বারোপ করে বলেন, শুধু আর্থিক ক্ষেত্রেই নয়, বরং প্রতিটি কাজে সর্বোচ্চ সততা বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিনা অনুমতিতে দায়িত্বস্থল ত্যাগ না করার নির্দেশনাও প্রদান করেন তিনি। একই সঙ্গে সদস্যদের উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দক্ষতার ঘাটতি থাকলে তা পূরণের জন্য সিআইডিতে পর্যাপ্ত প্রশিক্ষণ ও আধুনিক টুলস বিদ্যমান। তবে এরপরও কেউ দায়িত্ব পালনে অনাগ্রহী থাকলে তার জন্য সিআইডিতে স্থান নেই বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও উল্লেখ করেন, কর্মদক্ষতা সন্তোষজনক না হলে সিআইডির স্বার্থে এবং বাংলাদেশ পুলিশের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি সিআইডিকে সাধারণ মানুষের কাছে একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন, যাতে সিআইডির নাম শুনলেই জনগণের মনে আস্থা ও বিশ্বাস জন্মায়।
বিদায়ী সিআইডি প্রধান মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা তার বক্তব্যে আবেগঘনভাবে উল্লেখ করেন যে, সিআইডিতে তার দায়িত্ব পালনের সময়ে একটি দক্ষ, সমন্বিত ও প্রতিশ্র“তিশীল টিম গড়ে তোলাই ছিল তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, সিআইডি শুধুমাত্র একটি সংস্থা নয়, বরং এটি একটি পরিবার যেখানে সকল সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দলগতভাবে কাজ করে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।
উক্ত অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ সশরীরে উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তাগণ অনলাইনে সংযুক্ত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ