খুলনা | সোমবার | ৩০ মার্চ ২০২৬ | ১৫ চৈত্র ১৪৩২

অর্থ আত্মসাৎ মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী দ্বিতীয় দফায় রিমান্ডে

খবর প্রতিবেদন |
০৪:১২ পি.এম | ২৯ মার্চ ২০২৬

 

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে করা মামলায় সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে আজ রোববার (২৯ মার্চ) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য দ্বিতীয় দফায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফেনী-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে। এর আগে মানবপাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন করে প্রতারণা মামলায় তাকে আবারও রিমান্ডে নেওয়া হলো।

বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ৭ এপ্রিল তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে যে তার বিরুদ্ধে অতীতে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে যা তদন্তাধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ