খুলনা | সোমবার | ৩০ মার্চ ২০২৬ | ১৫ চৈত্র ১৪৩২

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, আহত ৪ যুবক

নিজস্ব প্রতিবেদক |
১১:১৮ পি.এম | ২৯ মার্চ ২০২৬


খুলনায় একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রেনের ধাক্কায় ৪ যুবক আহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। তবে স্থানীয়দের ভাষ্য রেল ক্রসিংটি অরক্ষিত ছিল।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, স্থানীয় মশিয়ালী গ্রামের একটি মাঠে ক্রিকেট অনুশীলন শেষে প্রাইভেটকারে পার্শ্ববর্তী শিরোমনি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন চার যুবক। পথিমধ্যে আফিলগেটের কাছে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে তাদের প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা চারজন আহত হয়।
আহতের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন অমিত (২০), সামি (২১) ও মিম (২২)। তারা সবাই শিরোমনি গ্রামের বাসিন্দা। আহত চারজনের মধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে। অপর দু’জন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ইসলাম খান জানান, দুর্ঘটনার পর রেল চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

প্রিন্ট

আরও সংবাদ