খুলনা | বুধবার | ১৫ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩

এসএসসি পরীক্ষায় ‘জিরো টলারেন্স’, ১১ দফা জরুরি নির্দেশনা মাউশির

খবর প্রতিবেদন |
০১:৪৬ এ.এম | ৩০ মার্চ ২০২৬


আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশব্যাপী কঠোর প্রস্তুতি নিয়েছে সরকার। পরীক্ষাকেন্দ্রে অনিয়ম রোধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে একগুচ্ছ বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এর আগে শনিবার ২৮ জানুয়ারি মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব পরীক্ষাকেন্দ্রে আধুনিক নজরদারি ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে। কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলোর মূল বিষয়গুলো হলো : ১. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ২০২৬ গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
২. যেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সেসব পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সব ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।
৪. সব পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।
৬. কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মুঠোফোন ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
৭. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে।
৮. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।
৯. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো–বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্র সচিবদের প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
১১. সর্বোপরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
উপরোল্লিখিত নির্দেশনাগুলো প্রতিপালনে কোনো প্রকার অবহেলা/গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ