খুলনা | সোমবার | ৩০ মার্চ ২০২৬ | ১৫ চৈত্র ১৪৩২

দুই সচিবকে প্রত্যাহার, দুইজনের পদায়ন পরিবর্তন

বিশেষ প্রতিবেদক |
০১:৪৬ এ.এম | ৩০ মার্চ ২০২৬


সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁদের জায়গায় নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া এক সচিবের প্রত্যাহারের আদেশ স্থগিত ও আরেকজনকে অন্যত্র বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব করা হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা কানিজ মওলাকে। এর আগে ২৫ মার্চ তাঁকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলি করা হয়েছিল। আর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের বর্তমান সচিব সিরাজুন নূর চৌধুরীকে ২৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল ইসলাম। তিনি এত দিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। এখন তাঁকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
অন্যদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের পরিবর্তে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। ২৫ মার্চ তাঁকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছিল। এখন সেটি পরিবর্তন করা হলো।
উলে­খ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সচিবসহ জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন করছে।
 

প্রিন্ট

আরও সংবাদ