খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক |
০৩:২৮ পি.এম | ৩০ মার্চ ২০২৬

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রায় দেড় মাসের ছুটি শেষে দেশে ফিরে রোববার থেকে আবার সশরীরে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রথম দিনেই তিনি জাতীয় দলের ফিটনেস ক্যাম্পের খোঁজখবর নেন এবং অন্যান্য দাপ্তরিক কাজ সেরে ফেলেন।

দুপুরে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বুলবুল। সাক্ষাৎকারে সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যান তিনি।

এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না, বলেন বুলবুল। তবে তিনি যোগ করেন, খুব চেষ্টা করেছি বিশ্বকাপ খেলার। দিন শেষে আমিও একজন ক্রিকেটার। বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির আলোচনা সম্পর্কে তার কোনো ধারণা নেই বলে জানান তিনি। পত্রিকায় পড়েই বিষয়টি জেনেছেন।

সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, অনুসন্ধান তো সরকার করতেই পারে। আমরা তাদের কথা শুনছি। তবে স্কোয়াড নির্বাচনের দায়িত্ব ছিল নাজমুল আবেদীন ফাহিমসহ সংশ্লিষ্টদের। তাদের প্রস্তুতি ছিল পুরোপুরি। শেষ পর্যন্ত সরকারি সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে।

বুলবুলের সামনে এখন বেশ কয়েকটি জটিল ইস্যু রয়েছে। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) বর্তমানে স্থবির হয়ে আছে। এটি দ্রুত চালু করার ব্যবস্থা নিতে হবে নতুন সভাপতিকে।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত বিশেষ কমিটি বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্ত করছে। এই কমিটির সামনে সাক্ষাৎকার দিতে হবে বুলবুলকে। একই সঙ্গে বোর্ডের দুই পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন পদত্যাগ করেছেন, যা বোর্ডের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বাইরে থেকে বিসিবিতে সংকটময় পরিস্থিতি মনে হলেও, সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দৃষ্টিতে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক।

তিনি বলেন, আমি কোথাও কোনো সংকট দেখছি না। বোর্ড নিজস্ব নিয়মে স্বাভাবিকভাবে চলছে। জাতীয় দল খেলছে, মেয়েদের দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিচ্ছে। সব কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।

বুলবুল আরও বলেন, এটা নির্বাচিত কমিটি। সাড়ে পাঁচ মাস ধরে বোর্ড চলছে। এ ধরনের প্রশ্ন আমরা আশা করি না।

প্রিন্ট

আরও সংবাদ