খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক কাউন্সিলর ইমান হোসেন

মোংলা প্রতিনিধি |
০২:২৯ পি.এম | ১০ জানুয়ারী ২০২৬


মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পেয়েছেন সাবেক কাউন্সিলর ও যুবদল নেতা ইমান হোসেন রিপন। তিনি সংগঠনটির সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। এর আগে তিনি মোংলা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইমান হোসেন রিপন বলেন, দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে, আমি তা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করবো। মোংলা পৌর যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার জন্য কাজ করবো।

এদিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় ইমান হোসেন রিপনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব নুরুদ্দিন টুটুলসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, ইমান হোসেন রিপন দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তার এই নতুন দায়িত্ব পাওয়াকে স্থানীয় নেতা-কর্মীরা দলের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। মোংলা পৌর যুবদলের নেতাকর্মীরা আশা করছেন, রিপনের নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। গত বছরের ৫ আগষ্টের পর সারা দেশে বিএনপিকে ঢেলে সাজাতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর কমিটি গঠন করার উদ্যোগ নেয় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। তাই মোংলা পোর্ট পৌর এলাকার ওয়ার্ড কমিটি গঠন করতে গেলে মোংলা পৌর যুবদলের নেতাকর্মীরা এ কমিটি গঠন বাংচাল করার জন্য ব্যালট বাক্স ছিনতাইসহ বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করে। যার কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা পুর্বের যুবদল কমিটির নেতৃবৃন্দকে কারণদর্শানো নোটিশ জারি করেণ। এর কিছু দিন পরেই পৌর যুবদলের সভাপতি রিয়াদ মাহমুদ তার পদ থেকে সড়ে দাঁড়ান। পরে তার শুন্য পদে ইমান হোসেন রিপনকে ভারপ্রাপ্ত আহবায়ক পদে নিযুক্ত করা হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ