খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

মোংলায় হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর, থানায় ৭ জনের নামে মামলা

মোংলা প্রতিনিধি |
০৫:৪১ পি.এম | ৩০ মার্চ ২০২৬


মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরীবিভাগে ঢুকে অনুপম মজুমদার নামের কর্তব্যরত এক চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) রাতে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতরে এই হামলার ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রবিবার রাতে বিষ খাওয়া এক রোগীকে নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে কয়েক যুবক। এসময় তারা হাসপাতালের বাহিরে ডাক্তারদের উদ্দেশ্যে করে গালাগালী করতে থাকে। পরে একদল দুর্বৃত্ত হঠাৎ হাসপাতালের জরুরী বিভাগে প্রবেশ করে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক অনুপম মজুমদারের ওপর হামলা ও চেয়ার দিয়ে মারধর করে তারা। এতে চিকিৎসক অনুপম গুরুতর আহত হন এবং হাসপাতালের কিছু মালামাল ভাঙচুরও করা হয়।

এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুপম মজুমদার বাদী হয়ে মোংলা থানায় ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দোষীদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহিন বলেন, রবিবার রাতে অনুপম ডিউটিতে ছিলেন। কয়েকজন যুবক বিষ খাওয়া গুরুতর এক রোগীকে নিয়ে এসে ওয়াস করতে বলেন। এসময় অনুপম কি ধরণের বিষ খেয়েছে এমন প্রশ্ন করলে তার উপর চড়াও হয় এবং তাকে গালমন্দ করতে থাকে। এসময় কিছু বুঝে ওঠার আগেই সাথে থাকা বেশ কয়েকজন যুবক তাকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করে এবং জরুরী বিভাগের বিভিন্ন যন্ত্রাংশ ভাংচুর করে। এব্যাপারে ৭ জনকে আসামী করে অনুপম থানায় মামলা দায়ের করেছে।

মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, আসামী গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ