খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

উপাচার্যের শোক

নগরীতে সড়কে ঝরে গেল খুবির আইন বিভাগের শিক্ষার্থী মৌমিতার প্রাণ

নিজস্ব প্রতিবেদক |
১১:৪৮ পি.এম | ৩০ মার্চ ২০২৬


নগরীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা আরোহী মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে খুলনা জেলা পরিষদের সামনে এ ঘটনাটি ঘটে। তিনি নগরীর মুন্সিপাড়া এলাকার নিবাসী তরুণ হালদারের মেয়ে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের ’২১ ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পাটকেলঘাটা। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মৌমিতা হালদার তার পিতার সঙ্গে রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা পরিষদ ভবন সামনে দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে শিক্ষার্থী মৌমিতা হালদার ছিটকে রাস্তার ওপর পড়ে যায় এবং মাথা ও ঘাড়ে আঘাত পান। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেন সদর থানা পুলিশের এসআই দেবব্রত বিশ্বাস।
নিহতের মৌমিতার ছোট ভাই বলেন, আমার দিদি (বোন) খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে বাসায় থাকা অবস্থায় বাবা মাকে ফোন দেয়। ফোনে তিনি জানান, রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে প্রাইভেটকার ধাক্কা দিলে দিদি ও বাবা পড়ে যায়। বাবার হাতে কিছুটা আঘাত লাগে। তবে আমার বোনের অবস্থা ভালো ছিল না। পরবর্তীতে বোনকে নিয়ে খুলনা সদর হাসপাতালে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদাত গণমাধ্যমকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতার নিহতের খবর নিশ্চিত করেন।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের ¯œাতক ’২১ ব্যাচের শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শিক্ষার্থীর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 

প্রিন্ট

আরও সংবাদ