খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

সংস্কারের অভাবে ধ্বংসের মুখে ঝিনাইদহের কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ |
১১:৫০ পি.এম | ৩০ মার্চ ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামটি দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে চরম বেহাল অবস্থায় পৌঁছেছে। সরকারি ভূষণ স্কুল মাঠসংলগ্ন এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি বর্তমানে প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, অডিটোরিয়ামের হলরুমের একাধিক স্থানে মেঝে ফেটে গেছে এবং দু’টি স্থান দিয়ে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। এতে পুরো ফ্লোর পানিতে ভেসে যাচ্ছে। পৌরসভার পানির পাম্পের পাইপ ফেটে এ পরিস্থিতির সৃষ্টি হলেও গত ৬-৭ মাসেও তা মেরামতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।
অডিটোরিয়ামের ছাউনির টিনের বহু জায়গায় ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে, ফলে অনুষ্ঠান পরিচালনা ব্যাহত হয়। অধিকাংশ সিলিং ফ্যান অচল থাকায় গরমের সময় ভেতরে অবস্থান করাও কষ্টকর হয়ে ওঠে। এছাড়া ওয়াশরুমগুলোর অবস্থা অত্যন্ত নাজুক ও অস্বাস্থ্যকর। নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবে সেখানে তীব্র দুর্গন্ধ ছড়ায়। দেয়ালের প্লাস্টার খসে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে আছে, যা যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। হলরুমের শব্দ নিয়ন্ত্রণে ব্যবহৃত কাপড়ের প্যানেলগুলোও ছেঁড়া ও নোংরা হয়ে গেছে। এতে শব্দ ব্যবস্থাপনায় বিঘœ ঘটার পাশাপাশি অডিটোরিয়ামের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। দীর্ঘদিন রং না করায় ভবনটির বাহ্যিক সৌন্দর্য ম্লান হয়ে গেছে, এমনকি সামনের নামফলকের লেখাও প্রায় মুছে গেছে।
ভুক্তভোগী কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নেতা শফিউদ্দিন বলেন, ভাইপোর বিয়ের অনুষ্ঠানের জন্য হলরুমটি ভাড়া নিয়েছিলাম। কিন্তু ভেতরে গিয়ে দেখি মেঝে ফেটে পানি বের হচ্ছে, টিন ফুটো, ফ্যান অচল, সব মিলিয়ে খুবই দুর্ভোগে পড়তে হয়েছে। এ অবস্থায় কোনো অনুষ্ঠান করা অত্যন্ত কঠিন।
অডিটোরিয়াম সংলগ্ন পানি পাম্পের চালক নুর ইসলাম জানান, প্রায় ৬-৭ মাস ধরে পৌরসভার সাপ্লাই লাইনের পাইপ ফেটে এ সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের একাধিকবার জানানো হয়েছে। কালীগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার কবির হোসেন বলেন, আমরা বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন এর আগে একবার পাইপলাইনের আংশিক সংস্কার করা হয়েছিল। বর্তমানে সমস্যাটি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ঝিনাইদহ জেলা পরিষদের সচিব (এডিসি) মোহাম্মদ সেলিম রেজা বলেন, নতুন প্রশাসক যোগদান করেছেন। অডিটোরিয়ামের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। খুব শিগগিরই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে। স্থানীয়রা দ্রুত অডিটোরিয়ামটির সংস্কার করে ব্যবহারযোগ্য করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ