খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

খুলনায় দুদকের পৃথক দু’টি মামলায় সিটি গার্লস কলেজের প্রভাষক ওমর ফারুকসহ দুই জনের সাজা

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৩ এ.এম | ৩১ মার্চ ২০২৬


খুলনায় পৃথক দু’টি দুর্নীতি মামলায় দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন আদালত। এর মধ্যে একজন কলেজ প্রভাষককে দু’টি ধারায় ১০ বছর ও একজন খামার প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিকে দু’টি ধারায় ৬ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাদের বিভিন্ন অর্থ দণ্ড দেওয়া হয়।
সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আলাদা দুই মামলায় খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম পৃথক দু’টি এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিদের একজন পলাতক রয়েছে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ ইয়াছিন আলী।
আদালত সূত্রে জানা গেছে, শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা সিটি গার্লস কলেজের প্রভাষক ওমর ফারুককে দু’টি ধারায় তিন বছর করে মোট ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আত্মসাৎ করা ১৩ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাগেরহাটের একটি বাড়ি ও খামার প্রকল্পের ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খামার প্রকল্প সংশ্লিষ্ট কল্যাণ অধিকারীকে দু’টি ধারায় যথাক্রমে তিন বছর ও সাত বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোঃ মোফাক্কার হোসেন মনি জানান, রায় ঘোষণার সময় ওমর ফারুক আদালতে উপস্থিত ছিলেন। অপর মামলার আসামি কল্যাণ অধিকারী পলাতক।

প্রিন্ট

আরও সংবাদ