খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

খুলনা ও বরিশাল বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি কোচ ও এ্যাথলেটদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
০২:০০ এ.এম | ৩১ মার্চ ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনার ক্রীড়াঙ্গণ থমকে আছে। বর্তমানে খুলনায় কোন খেলাধুলা নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গণের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমাদের কাজ করতে হবে। আমাদের সন্তানরা যেন ক্রীড়াচর্চার মধ্যে থেকে সুশৃঙ্খল জীবন গড়তে পারে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। 
কেসিসি প্রশাসক সোমবার সকালে নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত খুলনা ও বরিশাল বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, কোচ ও এ্যাথলেটদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ কারাতে ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রশাসক প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, কোচ ও এ্যাথলেটদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। তিনি অংশগ্রহণকারীদের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। 
কেসিসি প্রশাসক ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গই ক্রীড়াঙ্গণ পরিচালনায় এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করে বলেন, নতুন এ যাত্রায় তরুণদের নতুন কিছু করার আগ্রহকে কাজে লাগাতে হবে। তবেই এ অঙ্গণকে গতিশীল করা সম্ভব হবে। ক্রীড়া সেক্টরে বিদ্যমান সমস্যাগুলি দূর করতে প্রয়োজনে ক্রীড়া মন্ত্রণালয়ে যোগাযোগ করে যা যা করা দরকার তা সম্মিলিতভাবে করা হবে বলে তিনি উল্লেখ করেন। 
খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা আলিমুজ্জামান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। সঞ্চালনা করেন খুলনা বিভাগের কারাতে সংশ্লিষ্ট সংগঠক ‘সোতো কান’-এর চেয়ারম্যান মোহাম্মদ আলী। কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ ক্রীড়াঙ্গণের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ