খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

সাতক্ষীরায় পাচারকালে ৭ হাজার লিটার পেট্রোল ভর্তি লরি জব্দ, চারজন আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:০৫ এ.এম | ৩১ মার্চ ২০২৬


সাতক্ষীরা থেকে পাচারকালে ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লগোযুক্ত একটি লরি (ট্রাক) আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাত আড়াইটার দিকে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা এলাকা থেকে তেল ভর্তি ওই লরিটি আটক করা হয়। এসময় তেল পাচারের অভিযোগে ট্রাক চালকসহ চারজনকে জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, ট্রাক চালক খুলনার খালিশপুর থানার কাশিপুর গ্রামের মোঃ ইসমাইল শেখের ছেলে মোঃ রিপন শেখ (৩৮), সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৫৭), একই উপজেলার খলিসাখালী গ্রামের মোঃ ইউসুপ আলী গাজীর ছেলে মোঃ আক্তারুল ইসলাম (২৮) ও সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের মৃত ছদর উদ্দিন গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৫)।  
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, একটি লরিতে করে বিপুল পরিমাণ জ্বালানি তেল (পেট্রোল) সাতক্ষীরা থেকে পাচার করা হচ্ছে মর্মে স্থানীয় জনতার সহায়তায় জরুরি সেবা ৯৯৯ থেকে পাওয়া একটি ফোনের মাধ্যমে আমরা জানতে পারি। খবর পেয়ে সাতক্ষীরা থানা পুলিশের একটি দল সোমবার ভোর রাত আড়াইটার দিকে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা এলাকা থেকে তেল ভর্তি লরিটি আটক করে থানায় নিয়ে আসে। লরিতে ৭ হাজার লিটার পেট্রোল ছিল। কিন্তু লরি চালক ও সাথে থাকা অন্যরা এই জ্বালানি তেলের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। 
ওসি মাসুদুর রহমান আরো বলেন, জব্দ করা ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং আটক চালকসহ অন্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই পেট্রোল তাদের সরবরাহকৃত নয়।

প্রিন্ট

আরও সংবাদ