খুলনা | বুধবার | ০১ এপ্রিল ২০২৬ | ১৮ চৈত্র ১৪৩২

কচুয়ায় চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:০৪ এ.এম | ০১ এপ্রিল ২০২৬


বাগেরহাটের কচুয়ায় চাঁদা না দেওয়ায় আলমগীর বিশ্বাস (৩৮) নামে এক ব্যবসায়ীকে মারধর, গালিগালাজ, দোকান ভাঙচুর ও ক্যাশ থেকে টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা লুটে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে রিগান মিনা (৩৬) নামে এক অভিযুক্ত আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাইনবোর্ড বাজারে একটি মিষ্টির দোকানে এ ঘটনা ঘটে। পরবর্তীতে অভিযুক্ত রিগান মিনাকে গ্রেফতার করে পুলিশ।
ব্যবসায়ী আলমগীর বিশ্বাসের অভিযোগ রাড়িপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়ের নেতৃত্বে রিগান মিনা ও শোভন ব্যানার্জি আমার দোকানে আসে। তারা আমার কাছে চাঁদা দাবি করে না পেয়ে আমাকে ও বাবাকে মারধর শুরু করে। এ সময় দোকানের ক্যাশে থাকা টাকা লুটে নেয়। এই পরিস্থিতিতে ব্যবসায়ী ও স্থানীয়রা চাঁদাবাজদের ধাওয়া করে রিগান মিনা নামে একজনকে ধরে গণপিটুনি দেয়। 
আলমগীর বিশ্বাস বলেন গতকাল রাতেও আমার কাছে চাঁদা চেয়েছে। আর আজকে আমাকে এবং আমার বাবাকে মারধর করেছে। এভাবে ব্যবসা করা যায় না। কচুয়া থানায় মামলা করেছি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর রহমান বলেন সাইনবোর্ড বাজারের চাঁদাবাজির ঘটনায় ৩ জনের নাম উলে­খসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। রিগান মিনা নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে পুলিশ হেফাজতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ