খুলনা | বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ১৯ চৈত্র ১৪৩২

বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

আইএসপিআর |
০১:২৪ এ.এম | ০২ এপ্রিল ২০২৬


বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়। বুধবার উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী সূত্র জানায়, সমুদ্রসীমায় নিয়মিত টহল দেয়ার সময় গত মঙ্গলবার বিকেলে সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহল দল। তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে ১৫ জেলেসহ ট্রলারটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ২৭ মার্চ গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর গত চার দিন ধরে তারা সাগরে দিকভ্রান্ত হয়ে ভাসছিলেন। একপর্যায়ে ট্রলারে থাকা খাদ্য ও বিশুদ্ধ পানি ফুরিয়ে যাওয়ায় তারা চরম সংকটে পড়েন।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারের পর জেলেদের দ্রুত সেন্টমার্টিন নৌবাহিনী ফরোয়ার্ড বেইজে নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উদ্ধারকৃত সকল জেলে বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।
উল্লেখ্য, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষা এবং ব্লু-ইকোনমির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ উদ্ধার অভিযান নৌবাহিনীর মানবিকতা ও দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
 

প্রিন্ট

আরও সংবাদ