খুলনা | শুক্রবার | ০৩ এপ্রিল ২০২৬ | ১৯ চৈত্র ১৪৩২

মুস্তাফিজকে বাদ দেওয়া দুর্ভাগ্যজনক: আইপিএল চেয়ারম্যান

ক্রীড়া প্রতিবেদক |
১১:২৪ পি.এম | ০২ এপ্রিল ২০২৬

 

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের আকস্মিক বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেয়ারম্যান অরুণ সিং ধুমাল। এই ঘটনাকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন।

মুস্তাফিজকে নিয়ে টানাপোড়েনের ধারাবাহিকতায় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের আইপিএল মৌসুমের আগে গত ডিসেম্বরে নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ৫ লাখ রুপির বিশাল অঙ্কে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশি এই পেসারকে দলে নেওয়ার পর থেকে এই ফ্র্যাঞ্চাইজি এবং এর সহ-স্বত্বাধিকারী শাহরুখ খানের ওপর তাকে বাদ দেওয়া জন্য চাপ তৈরি হয়। এমন পরিস্থিতির জেরে শেষ পর্যন্ত মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।

এই ঘটনার অনেকদিন পর ‘ফাইন্যান্সিয়াল টাইমসে’দেওয়া সাক্ষাৎকারে অরুণ ধুমাল বলেন, ‘আমি শুধু বলব, এটি দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার কাছে খুব বেশি তথ্য নেই।’

আইপিএলে কেন রাজনীতির প্রভাব- এমন প্রশ্নের জবাবে তিনি ২০০৯ সাল থেকে পাকিস্তানি খেলোয়াড়রা আইপিএলে নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করেন। তবে ধুমাল দাবি করেন, ভারত সরকার ক্রিকেটের দৈনন্দিন কাজে সরাসরি হস্তক্ষেপ করে না।

তিনি যোগ করেন, ‘মাঝে মাঝে যেভাবে ঘটনাগুলো ঘটে তা দুঃখজনক। আমি মনে করি না ক্রিকেটের প্রাত্যহিক কর্মকাণ্ড পরিচালনায় সরকারের কোনো স্বার্থ বা ভূমিকা আছে। সরকার ক্রিকেটের ব্যাপারে আন্তরিক। কিন্তু হ্যাঁ, কখনও কখনও আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমি নিশ্চিত সুবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এমনটি আর ঘটবে না।’

কেকেআর তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে পরিষ্কারভাবে জানিয়েছিল, মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তাদের নিজস্ব ছিল না। গত জানুয়ারিতে দেওয়া সেই বিবৃতিতে বলা হয়, ‘বিসিসিআই/আইপিএল নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে আসন্ন মৌসুমের আগে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে রিলিজ দেওয়ার নির্দেশ দিয়েছে।’

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই নির্দেশনার কথা জানানোর পরই কেকেআর তা কার্যকর করে।

কেকেআর জানায়, বিসিসিআই’র নির্দেশনায় যথাযথ প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে মুস্তাফিজের রিলিজ কার্যক্রম সম্পন্ন হয়। আইপিএলের নিয়ম অনুযায়ী মুস্তাফিজের পরিবর্তে কেকেআরকে অন্য একজন খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে বলেও জানানো হয়। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া

প্রিন্ট

আরও সংবাদ