খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

বরগুনায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা সাবেক ছাত্রলীগ নেতা আটক

খবর প্রতিবেদন |
০২:০৭ এ.এম | ০৩ এপ্রিল ২০২৬


বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম সুমন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সেতু-সংলগ্ন বাসা থেকে টাকা সংগ্রহের সময় স্থানীয়দের হাতে আটক হন সুমন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
রফিকুল ইসলাম সুমন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি একই উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুছ আকনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, মাইকিং করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম মূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের কথা প্রচার করা হয়। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে কার্ড তৈরি করার নামে টাকা সংগ্রহ করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেছেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। আমি অন্যের সাহায্যে জীবন চালাই। এখন আমার টাকাটা ফেরত চাই। আমার মতো শত শত মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।”
রফিকুল ইসলাম সুমনকে আটকের খবর ছড়িয়ে পড়লে টাকা ফেরতের দাবিতে ভুক্তভোগীরা পাথরঘাটা থানার সামনে ভিড় জমান। তারা দ্রুত টাকা ফেরত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ