খুলনা | শুক্রবার | ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না

রূপসায় বাসের ধাক্কায় নারী নিহত, স্বামী গুরুতর জখম

রূপসা প্রতিনিধি |
০১:৩৮ এ.এম | ০৪ এপ্রিল ২০২৬


খুলনার রূপসায় লোকাল বাসের ধাক্কায় মোটরসাইকেলের পেছনে বসা এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মারাত্মক জখম হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা-মোংলা মহাসড়কের আমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় বাগেরহাট রামপাল উপজেলার গোরম্ভা গ্রামের অমর কুন্ডু  মোটরসাইকেল যোগে তার স্ত্রী লিলি কুন্ডু (৪৯) কে খুলনা আই হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। বেলা সাড়ে বারোটার দিকে আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫ নম্বরের একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় জখম  হন তার স্বামী অমর কুন্ডু। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান দুর্ঘটনার পর ঘাতক বাস ও এর চালক সাগর (২৬) কে  রূপসার কুদিরবটতলা এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ