খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

বোর্ড সভায় আরও এক পরিচালকের পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক |
১২:২০ এ.এম | ০৫ এপ্রিল ২০২৬


বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবারও পদত্যাগের ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার পরিচালক হিসেবে দায়িত্ব ছেড়েছেন ফাইয়াজুর রহমান। বোর্ড সভা শেষে নিজের পদত্যাগপত্র জমা দেন ডিসিপ্লিনারি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ফাইয়াজুর রহমান। ডিসিপ্লিনারি কমিটি ছাড়াও ঢাকা সিসিডিএমে ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।
পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে ফাইয়াজুর বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। অন্য কোনো কারণ নেই।’ গত বছরের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন তিনি। তার পদত্যাগের মাধ্যমে বর্তমান বোর্ডে পদত্যাগকারী পরিচালকের সংখ্যা দাঁড়াল চারজনে। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সালও সরে দাঁড়ান। এছাড়া গত মাসের শেষের দিকে বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেন। তার আগে বিসিবির আরেক পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেন। এবার পদত্যাগ করলেন আরও এক পরিচালক। সবাই পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন। তবে এখন পর্যন্ত কারো পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে, এমন ঘোষণা দেয়নি বিসিবি।

প্রিন্ট

আরও সংবাদ