খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

শিরোপা নিয়ে ঘরে ফিরলো বাংলার যুবারা

ক্রীড়া প্রতিবেদক |
১২:২১ এ.এম | ০৫ এপ্রিল ২০২৬


অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে ঐতিহাসিক সাফল্যের গৌরব নিয়ে বীরের বেশে ইতিহাস গড়ে দেশে ফিরেছেন বাংলাদেশ। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখা লাল-সবুজের প্রতিনিধিদের বরণ করা হচ্ছে ছাদ খোলা বাসে। শনিবার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ট্রফি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চ্যাম্পিয়নরা। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৭টার দিকে ট্রফি নিয়ে দেশে পৌঁছান মিঠু-রোনানরা। চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
দলের সদস্যদের স্বাগত জানাতে আগেভাগেই উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি গোলরক্ষক আমিনুল হক। ২০০৩ সালে বাংলাদেশের সাফ জয়ের অন্যতম নায়ক আমিনুল হক নিজে উপস্থিত থেকে অ-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। এ সময় বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পুষ্পস্তবক ও উষ্ণ করতালির মধ্য দিয়ে ট্রফি জয়ী বীরদের বরণ করে নেন।
দেশের ফুটবলে এর আগে নারী দলের অভাবনীয় সাফল্যের পর তিনবার ছাদখোলা বাসের সংবর্ধনা দেখা গেলেও, পুরুষ দলের ক্ষেত্রে এটিই প্রথম।
বিমানবন্দর থেকে বের হয়েই ফুটবলাররা চড়ে বসেন তাদের জন্য বিশেষ ভাবে প্রস্তুত করা সুসজ্জিত এক ছাদখোলা বাসে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চড়ে ফুটবলাররা রওনা দেন হাতিরঝিলের উদ্দেশ্যে। চ্যাম্পিয়নদের একনজর দেখতে এবং অভিনন্দন জানাতে বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর প্রধান সড়কগুলোর দুই পাশে ভিড় জমিয়েছেন শত শত ফুটবল প্রেমী মানুষ। হাতে জাতীয় পতাকা আর মুখে বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। ফুটবলাররাও বাসের ওপর থেকে হাত নেড়ে সাধারণ মানুষের ভালোবাসার জবাব দেন। বিজয়ীদের বরণ করে নিতে পুরো হাতিরঝিল এলাকা এখন আলোকসজ্জায় সজ্জিত এবং রোনানদের পোস্টারে ছেয়ে গেছে।
বাফুফের পক্ষ থেকে সেখানকার অ্যাম্ফিথিয়েটারে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ