খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

হামের প্রাদুর্ভাব ও শিশুস্বাস্থ্যের ঝুঁকি : আইসিইউ সংকট নিরসনে চাই জরুরি পদক্ষেপ

|
১২:২২ এ.এম | ০৫ এপ্রিল ২০২৬


দেশজুড়ে হামের প্রাদুর্ভাব এবং সেই সঙ্গে পাল­া দিয়ে শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি গভীর উদ্বেগের। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হামে আক্রান্ত শিশুদের ৯০ শতাংশই পরবর্তী সময়ে নিউমোনিয়ায় ভুগছে এবং তাদের অনেকেরই শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (পিআইসিইউ বা আইসিইউ) প্রয়োজন পড়ছে। কিন্তু হাসপাতালগুলোয় চাহিদার তুলনায় আইসিইউর ঘাটতি রয়েছে। জনস্বাস্থ্যের এ সংকটজনক পরিস্থিতি আমাদের স্বাস্থ্য খাতের সক্ষমতার অভাবকে আবারও সামনে নিয়ে এসেছে।
হাম একটি ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা সাধারণত শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। সাধারণত হামকে আমরা সাধারণ রোগ মনে করলেও এর জটিলতা থেকে নিউমোনিয়া দেখা দিলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। প্রতিবেদনে উঠে এসেছে, আক্রান্ত শিশুদের ফুসফুস দ্রুত সংক্রমিত হচ্ছে, যার ফলে সাধারণ অক্সিজেন সাপোর্টে কাজ না হওয়ায় আইসিইউ শয্যার জন্য হাহাকার পড়ে যাচ্ছে।
বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ শয্যার সীমিত সংখ্যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতির মূলে রয়েছে মূলত দু’টি কারণ : টিকাদানে শিথিলতা এবং সচেতনতার অভাব। কোভিড-পরবর্তী সময়ে দেশের রুটিন টিকাদান কর্মসূচিতে কিছুটা স্থবিরতা লক্ষ্য করা গেছে। অনেক অভিভাবক সময়মতো শিশুদের হামের টিকা দিতে অবহেলা করেছেন, যার খেসারত এখন দিতে হচ্ছে। এছাড়া, অপুষ্টির শিকার শিশুরা এই ভাইরাসের কবলে পড়লে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত ভেঙে পড়ে, যা নিউমোনিয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
বর্তমান সংকট মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ তৎপরতা চালাতে হবে। প্রথমত, যেসব এলাকায় প্রাদুর্ভাব বেশি, সেখানে জরুরি ভিত্তিতে ‘ক্যাচ-আপ’ টিকাদান কর্মসূচি চালু করতে হবে। দ্বিতীয়ত, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ এবং নেবুলাইজেশন সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে সব রোগীকে ঢাকার দিকে ছুটতে না হয়।
তৃতীয়ত, শিশুদের জন্য ভিটামিন-এ ক্যাপসুল বিতরণ এবং পুষ্টির বিষয়ে নজর দেওয়ার প্রচারণা জোরদার করতে হবে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আইসিইউ ব্যবস্থার বিকেন্দ্রীকরণ অপরিহার্য। শুধু রাজধানীমুখী চিকিৎসাব্যবস্থা দিয়ে ১৭ কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। প্রতিটি জেলা সদরে পর্যাপ্ত শিশু আইসিইউ স্থাপন এখন সময়ের দাবি।
হাম বা নিউমোনিয়ায় কোনো শিশুর মৃত্যু হলে তা কেবল সংশ্লিষ্ট পরিবারের ক্ষতি নয়, বরং রাষ্ট্রের জনস্বাস্থ্য নীতির ব্যর্থতার প্রতিফলন। তাই অভিভাবক থেকে শুরু করে নীতিনির্ধারক পর্যন্ত সবাইকে সম্মিলিতভাবে এ সংকট মোকাবিলায় এগিয়ে আসতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ