খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

উদ্বেগজনক ভাবে বাড়ছে হামের রোগী, একদিনে মৃত্যু ৭

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ০৫ এপ্রিল ২০২৬


দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। একদিনে (গত ২৪ ঘণ্টা) ৭৮৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এ্যান্ড কন্ট্রোল রুম এই তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এ সময়ের মধ্যে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬,৪৭৯। এর মধ্যে নিশ্চিত রোগী ৪,৮২৮ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৮২৬ জন এবং ছাড়পত্র পেয়েছে ২,৬৫৪ জন। এতে হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর রোগীর চাপ এখনো বেশি।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে ৭ জন মারা গেছে। এতে মোট মৃত্যুর সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে। সন্দেহজনক হাম রোগে একই সময়ে ২ জনের মৃত্যু হয়েছে। এতে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। ঢাকায় মৃত্যু সবচেয়ে বেশি। জেলা হিসেবে সর্বাধিক মৃত্যু হয়েছে টাঙ্গাইলে।
হাম দেশের বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়ছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগে রোগী শনাক্ত হয়েছে। ঢাকায় রোগীর চাপ সবচেয়ে বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, অনেক পরিবার হামকে সাধারণ জ্বর বা ফুসকুড়ি ভেবে অবহেলা করে। এটি মারাত্মক ভুল।
ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক রিয়াজ মোবারক বলেন, হাম শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে নিউমোনিয়া, এনসেফালাইটিস ও অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। অনেক শিশুকে আইসিইউতেও যেতে হয়।  

প্রিন্ট

আরও সংবাদ