খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

র‌্যাব বিলুপ্তির দাবি নিয়ে যা বললেন মহাপরিচালক

খবর প্রতিবেদন |
০১:৫৯ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের মতো একটি সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে বাহিনীটি রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকেই তার কার্যক্রম পরিচালনা করবে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বিশ্বাস করেন, সঠিক ও স্বচ্ছভাবে পরিচালিত হলে জনগণের কাছে বাহিনীর ভাবমূর্তি আরও বৃদ্ধি পাবে।

র‌্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে মহাপরিচালক স্পষ্ট করে বলেন, এই বাহিনী থাকবে কি বিলুপ্ত হবে, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের বিষয়। বর্তমান প্রশাসনের পক্ষ থেকে কাজ করার যে নির্দেশনা রয়েছে, সেটি তারা পালন করে যাবেন। তিনি আরও উল্লেখ করেন যে, গত দেড় বছরে র‌্যাবের ভেতরে কোনো নেতিবাচক বা বিতর্কিত কর্মকাণ্ড ঘটেনি বললেই চলে। সরকার নির্ধারিত পথেই পেশাদারত্বের সাথে বাহিনী পরিচালিত হচ্ছে।

বিগত দিনের কার্যক্রম নিয়ে বিচারিক প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন আহসান হাবীব পলাশ। তিনি জানান, বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যে কোনো বিষয়ে বা তদন্তে র‌্যাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় এবং স্বচ্ছতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর।

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন মহাপরিচালক জানান, সারা দেশে জলদস্যুদের বিস্তার বাড়ার বিষয়ে তারা অবগত আছেন এবং এ নিয়ে কাজ শুরু হয়েছে। জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের অস্তিত্ব নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি আশ্বস্ত করেন যে, জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো অপতৎপরতা বা 'বাদ' দমনে র‌্যাব সক্রিয় ভূমিকা পালন করবে।

প্রিন্ট

আরও সংবাদ