খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

ডুমুরিয়ায় এক ব্যক্তির ঘের থেকে মাছ মেরে নেয়ার অভিযোগ

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


ডুমুরিয়ায় এক ব্যক্তির ঘের থেকে জোরপূর্বক মাছ মেরে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী ঘের মালিক ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায় উপজেলার নীচুখালী গ্রামের বিধান চন্দ্র সরদার তার পৈতৃক সূত্রে পাওয়া ২.৩১ একর জমিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। উক্ত মাছের ঘের নিয়ে বিধান চন্দ্রের প্রতিপক্ষ মৃত সরৎ চন্দ্র সরদারের ছেলে প্রভাষ সরদারের সাথে কয়েক বছর যাবৎ বিরোধ চলছে। এমতাবস্থায় রোববার ভোরে প্রভাষ লোকজন নিয়ে ঘের থেকে মাছ ধরতে থাকে। এ ঘটনা জানতে পেরে ভোর ৬টার দিকে বিধান সরদার তাদের বাঁধা দিতে গেলে প্রভাষ সরদার, তার ছেলে দিপক, অসীম, নাতি আনন্দসহ ৭/৮ জন তাকে মারতে আসে এবং সেখান থেকে সরে যেতে বলে। এসময় বিধান ঘটনাস্থল ত্যাগ করলে তারা মাছ নিয়ে চলে যায়। মাছের মুল্য প্রায় ৫লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এব্যপারে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই এলাকার বাসিন্দা গুরুপদ সরদার, পংকজ সরদারসহ অনেকেই মাছ মারার ঘটনা দেখেছে বলে জানায়। এ বিষয়ে বিধান সরদার বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে প্রভাষ সরদার মাছ মারার ঘটনা অস্বীকার করে বলেন আমাকে ফাঁসানোর জন্যে বিধান এই কাহিনী রটাচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ